আমি তখন বেশ ছোট, আট-ন'বছর বয়স হবে, আমার দুই দিদিকে দেখতাম সব সময় গান শুনতো। তখনকার দিনে বই আর গান ছাড়া বিশেষ কিছু করণীয়ও তো ছিল না। তো সেই খেলনাবাটির দিনেই লক্ষ্য করতাম দুজনে সারাক্ষণ টেপ রেকর্ডার-এ গান শুনছে। কার গান? বড়জন সারাক্ষণ হেমন্ত মুখার্জিতে মগ্ন, বেশীটাই রবীন্দ্রসঙ্গীত, এছাড়া বাংলা স্বর্ণযুগের গান। আর মেজদি সারাক্ষণ কিশোরকুমারে ডুবে থাকতো। সে এমন গান শোনা যে বাড়িশুদ্ধু লোককে বুঝিয়ে ছাড়বে কিশোরকুমারের মাহাত্ম্য। আমি বরাবরই স্বাতন্ত্রে বিশ্বাসী। এদের সঙ্গে এসব গান তো শুনতামই, কিন্তু সেই মনকে ছুঁয়ে যাওয়া ব্যাপারটা কখনোই হয়ে ওঠেনি। কোন শিল্পীকেই বিন্দুমাত্র অসম্মান করছি না, আমি নিজেও উপরোক্ত দুই শিল্পীর প্রচুর গান এখনো শুনি। কিন্তু ওই হয় না, যাকে যেটা appeal করে। তো সেই অভিযোগ নিয়ে একদিন বাবার কাছে গেলাম, 'আমি কার গান শুনবো তাহলে?' বাবা ভেবেচিন্তে বললো, 'আমি ক্যাসেট কিনে আনছি, তুই শুনে দেখ।' বাবা মান্না দে, মুকেশ আর মহম্মদ রফির ক্যাসেট কিনে আনলো। শুনলাম, ভালো লাগলো সবই, কিন্তু এই শেষের লোকটির গান যেন আমাকে অন্য এক দুনিয়ায় নিয়ে গেল। প্রথম ক্যাসেটের গানগুলো এখনো মনে আছে, "আজ কি রাত মেরে দিলকি সালামী লে লে', 'হমদম মেরে মান ভি যাও', 'তেরি আঁখো কে সিভা দুনিয়া মে রাখখা ক্যা হ্যায়!' , 'না কিসিকি আঁখ কা নূর হুঁ', 'জব প্যার কিসিসে হোতা হ্যায়', সব গানের কথাও বুঝলাম না, কিন্তু তবু গানগুলো কোথায় যেন গিয়ে ধাক্কা দিলো। আর ক্যাসেটের ওপর দুহাত জড়ো করে সামনে রাখা একটা ভীষন ভালো মানুষের হাসিমুখের ছবি, যেটা শুধু ভরসা যোগায়। তারপর...ডুবে গেলাম রফিতে। একটার পর একটা ক্যাসেট, একটার পর একটা গান খাতায় লেখা, এক একটা গান পনেরোবার কুড়িবার করে শোনা, কণ্ঠস্থ না হওয়া অবধি গেয়ে যাওয়া...রফি আমাকে নতুন দুনিয়ায় নিয়ে গেলেন, সুরের দুনিয়ায়, ভালো লাগার দুনিয়ায়। এমন সব গান যা আনন্দে উচ্ছল হয়ে গাওয়া যায়, ভালবাসায় পাগল হয়ে গাওয়া যায়, আবার দুঃখে হতাশায় ডুবে গিয়েও যে গান আমাকে মানসিক শান্তি যোগায়। সেই গান গেয়ে গেছেন এই সদাহাস্যময় মানুষটি। আমার এক জীবনের সঙ্গীত বোধের সমস্ত ভাল লাগা,মুগ্ধতা, বিস্ময় শুধু এই মানুষটির গান ঘিরে এসেছে। একজন গায়ক কিভাবে এতজন অভিনেতার গলায় এত নিখুঁতভাবে নিজেকে মেলে ধরতে পারেন! রক এন্ড রোল গাইতে তিনি যেমন অপ্রতিরোধ্য তেমনই মজার গান গেয়ে দিচ্ছেন কি অনায়াসে! জীবনে কখনো মদ স্পর্শ করেননি যিনি তিনি কিভাবে 'হ্যায় দুনিয়া উসিকি জমানা উসিকা' গাইতে পারেন! সেই লোকটাই আবার যখন গজল গাইছেন তিনি সম্পূর্ণ অন্য জগতে নিয়ে যান, আর আধ্যাত্মিক গান, 'ও দুনিয়া কে রাখওয়ালে', 'মন তরপত হরি দর্শন কো আজ', 'দুনিয়া না ভায়ে মোহে'...স্বয়ং ঈশ্বরকেও হয়তো কাঁদিয়ে দেয়। আমার সঙ্গীতের সেই আশ্রয়, যার গলায় স্বয়ং ঈশ্বর বিরাজ করেন, সেই মহম্মদ রফি, কোন সুদূর ১৯৮০ তে সকলকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েও শ্রোতা ও সমঝদারের হৃদয়ে যুগ যুগ ধরে অমর হয়ে থাকবেন।
~ স্বাতী চ্যাটার্জী ভৌমিক

অসাধারণ অসাধারণ!!! মর্মস্পর্শী রচনা
ReplyDeleteঅনবদ্য 👌👌👌
ReplyDeleteOnoboddyo lekha !! Nijeo Rafi bhokto howay aro sporsho korlo lekhata
ReplyDelete